Log /
সিনেমা থেইকা পালায়া ১০৪.১
নিহিল এই কোলাহলে
মাঝে মাঝে বোধ হবে
আপনি বাস করেন
মাঝারিদের মাঝে
মাঝারি ঘৃণা বিলানো অধ্যাপক, অ্যাকটিভিস্ট
মুজিবের মাথা বেচতে চাওয়া নয়া নয়া দালাল
যাপন-না-করা মূল্যবোধ উৎপাদক, ভিডিওকার
কমিশনড উদ্যোক্তা, উপনিবেশী মানচিত্রকর
আরও যত মাঝারি ত্রাতা, মাঝারি লেবাসে
দুনিয়া এক স্মরণসভার আখড়া, এইখানে
মৃতদের স্মরণ করে লোকে বিশেষ দিবসে
যারা জীবিত লোক তারাও যে মৃতসম
এইসব তৎসম বোধও হবে
মাঝে মাঝে তব
দেখা পান তরুণপ্রাণ —
খ্যাপাটে, খ্যাপে খাটে
বাজারি, বুকিশ, বেসামরিক
চতুর, ভীতু, প্রডাকটিভ
প্রসবপিয়াসী, আপনার মতো
কী ছিঁড়তে এত এত ন্যারেটিভ প্রসব
এই অবোধ্য বোধ, হবে আপনার
আর মাঝে মাঝে বোধ হবে বুমেরাং, ধার করা, যথা
আপনিই অপর, অপরই আপনি
টাকাই মাটি, মাটিই টাকা
এই মিথ মাজারে
এইখানে
কৃতি নাই, আছে
অনলাইন স্বীকৃতি, আকুতি
লাইক লাভ হাহা শেয়ার
সব নগদ খতিয়ান — বোধ হবে
পিয়ার গ্রুপ প্রেশারে, আপনিও, মাইরি,
বিছড়ায়া বেড়ান
পরম বিড়াল, সহজ পাখি
মনের মানুষ, পিএইচডি বাউল
অথবা বোধের প্যাকেজ অফার :
সলিমুল্লাহ, আমির আজিজ
মুক্তাদির, মিথিলা-সৃজিত
জাহাঙ্গীর কবির, হারারি
আজফার, সুলভে যা পান
ব্রাউজারে
কখনও
নব্যুয়তপ্রাপ্তির বোধও আসে —
যেহেতু পটাপট করতে পারেন
ভাষার কোট আনকোট তর্জমা
পড়তে পারেন সামাজিক কাঠামো-ফাঁদ
ক্রিটিকাল পাঠক ও বিষণ্ণ সহকর্মীর মন
কিংবা মাঝারি নারীবাদী চেনার তরিকা
মাঝে মাঝে
মাঝারি দশা অতিক্রান্ত করতে
উইঠা পড়েন পাহাড়চূড়ায়, পাড়ি দেন পরদেশ
ইহলোকেই বদলাইতে চান নিজেরে, বালের বিশ্বরে
যাবতীয় আত্মহত্যা করার মানসিকতারে
ইনশা আল্লাহ জপতে জপতে —
তারপর
পুনঃ পুনঃ বোধ :
আপনি মাঝারি কেউ
একটা মাঝারি অ্যাংরি বার্ড
করোনা ভয়ে হাত ধোয়ার ভিডিও দর্শকমাত্র
জ্বি
এতই মাঝারি বোধ আপনার
হে মাননীয়, হে হজরত
হে ইনফ্লুয়েনসার, হে মিথ মেকার —
কোনো কিছুই ইয়াদ রাখা হবে না
সব রেটোরিক লীলা
এই সেলফ সেন্সরশিপকালে
মাঝে মাঝে আসে তো এইসব বোধ?