Skip to main content

Ishtiaque Zico

Poetry /

১০১.৪ / হাফ সুটকেস

০১

গ্রীষ্মের পূর্বাভাস ভুইলা নিয়া আসছি
গরম কাপড়
হাফ সুটকেস ভরা
এইখানে — ধরা যাক রোম থেইকা দূরে কোথাও

সারাদিন ঠাঠা রোদ
কার্যত গরম
সিদ্ধ — সর্দি — জ্বর

শহরের চেনা মহল্লার মোড়, চেনা বান্ধব, চেনা বন্ধন
সব চেনা থেইকা দূরে সরার জন‍্যই না এত দূরে আসা
কিম্বা আসার জন‍্য এত এত প্রতীক্ষা, আয়োজন

তবু রাত নামে, ঠাণ্ডা লাগে
ঘুম চোখে সুটকেস খুলি

আহা, গরম কাপড় গায়ে দিয়া শুইয়া রইছে
সাবেক বিষণ্ণতা
ঝিঁঝিঁ পোকা
ইথিওপিয়ান দুই বিড়াল
হাফ সুটকেস ভরা
এইখানে — ধরা যাক রোম থেইকা দূরে কোথাও

০২

এইখানে বৃক্ষগুলা আলাদা
অলিভো
বাসিলিকো
ফ্রাগোলিনো

আবার আলাদা
প্রতিটা অলিভো বৃক্ষও

যেমন
ভুটু
পুচু
ছুটকি
টুকটুক

সবাই আলাদা
প্রত‍্যেকে আলাদা
যাবতীয় মনে পড়াগুলাও