Skip to main content

Ishtiaque Zico

Found poem /

নির্মাণশ্রমিক

নির্মাণশ্রমিক মিষ্টি শব্দ। শুনলেই ভাসে দালানকোঠার মজুরদের ইমেজ। যখন তারা (চন্দ্রবিন্দু নাই) মরে, খুন হয়, বা গায়ে টায়ে আগুনটাগুন লাগে — এবং তা হইতে হয় একাধিক — তবেই তারা নিউজ ভ‍্যালু পায় একআধটু।

কিন্তু প্রকৃত প্রস্তাবে, কিম্বা ভাষার মারপ‍্যাচে, যে কোনো কারখানায় যে কোনো পণ‍্য নির্মাণে শ্রম দিলে আপনেও অধিকার রাখেন নির্মাণশ্রমিক উপাধি আর তার প্রাপ‍্য নিউজ ভ‍্যালু পাওয়ার।

যেমন, সিনেমার নির্মাণশ্রমিক। পরিসংখ‍্যানের উপাত্তের বাইরে তাদের অ্যাপ্রিসিয়েশন কই? তাদের শ্রমের/দুর্ঘটনার/দাবির/ক্ষোভের — কিম্বা তাদের বাচ্চা হওয়ার গল্প — কথা কে শুনতে চায়?


সিনেমার নির্মাণশ্রমিকের তালিকা বানাইলে বাদ যাবে না অর্থলগ্নিকারী, সিনেমাটোগ্রাফার, ডায়লগ এডিটর, মেকআপ শিল্পী, হেয়ার স্টাইলিস্ট, স্টান্ট সমন্বয়কারী, লোকেশন ম‍্যানেজার, জেনারেটর চালক, ড্রাইভার, প্রযোজক, নির্বাহী প্রযোজক, লাইন প্রযোজক, প্রডাকশন ম‍্যানেজার, বয়, একাউন্ট‍্যান্ট, প্রথম/দ্বিতীয়/তৃতীয়/নম্বরহীন সহকারি পরিচালক, ক‍্যামেরা চালক, ফোকাস পুলার, ম‍্যাগাজিন লোডার, ডেটা র‍্যাঙলার, ডিআইটি, গ‍্যাফার, বেস্ট বয়, লাইটম‍্যান, ট্রলিম‍্যান, কী গ্রিপ, রি-রেকর্ডিং মিক্সার, মিউজিক সুপারভাইজার, ফলি আর্টিস্ট, মডেল, প্রডাকশন ডিজাইনার, শিল্প নির্দেশক, সেট ডিজাইনার, সেট ড্রেসার, কার্পেন্টার, প্রপ মাস্টার, কস্টিউম সুপারভাইজার, সঙ্গীত পরিচালক, চিত্রনাট‍্যকার, সংলাপ লিখক, স্ক্রিপ্ট সুপারভাইজার, স্টোরিবোর্ড শিল্পী, ইলেকট্রিক মিস্ত্রি, প্রডাকশন সাউন্ড মিক্সার, বুম অপারেটর, সাউন্ড ডিজাইনার, লোকেশন স্কাউট, লোকেশন সহকারি, পাবলিসিস্ট, পোস্ট প্রডাকশন সুপারভাইজার, সম্পাদক, কালারিস্ট, ভিএফএক্স এডিটর, এনিমেটরসহ আরও কত মুখ। দেশ-পুঁজি-কারখানার রকমভেদে এই তালিকা ছোটবড় হইতে থাকে।

এমনকি যেই “ইনডিপেনডেন্ট” পরিচালক নিজেরে নির্মাণশ্রমরে ঢাকতে চাইতেছেন আলগা সম্মানের আশায়, সে-ও তো কোনো উৎপাদক-ভোক্তার বিকিকিনি চেইনে আটকা পড়েন। বাকি কামলাদের খালি বোঝা বাকি থাকে যে এইটাই সিস্টেম।