Skip to main content

Ishtiaque Zico

Poetry /

১০১.৭ / এজেন্সির তাবেদার

নিজেরে যত এজেন্সি বিরোধী ভাবি
তত হই এজেন্সির তাবেদার
এইটাও এজেন্সির নয়া নয়া টোপ, নাকি?

তাই ট্রেড লাইসেন্স নবায়ন করতে
ফোন দিই দক্ষিণে যেহেতু জেন্ডারদোষে
পিএমএস ব্যথা উঠে না আমার
তবু ওঠে অন্য অন্য ব্যথা

যথা
সোভিয়েত মাওলানা তারকোভস্কি
তার ওয়াজে একদা এরশাদ করেন
শিল্পী হয় __ কিসিমের

যথা : নবী
যারা জগৎটারে আবার পুনরায়
হাজির করায়া যায় নিজ নিজ তরিকায়
কারখানা মায় এজেন্সির পাছা চাইটা বেড়ায়

আরেক কিসিম : কবি
তারা নতুন নতুন জগৎ বানায়
পুরান-এজেন্সি-বিরোধিতা করে — তা ভাঙাও বটে
সময়ে সময়ে যা জরুরি ও দরকারি

তবে সরকারি কবিও আছেন যারা
শোকের দিন এটা ওটা শেয়ার দেয়; ফ্যালাসিগুণে
পানি পরিস্কার করতে গিয়া ঘোলা করেন জল

ঘোলা জলের বয়াম থেইকা বের হইয়া
ছোট যেই মাছ দেখা পায় বড় মাছের
আর দিনশেষে দুইজনই উপলব্ধি করে:

ক. ক্ষণকালের জন্য হইলেও বিখ্যাত হইতে চায় সকল মাছ
খ. দুইজনই মাছমাত্র

তবে এইসব বাঙালি ন্যারেটিভে
ছোট মাছটা ত্রিপুরা হইলে বিপদ
কারণ কোনো কোনো দিন
কোনোটেশনের চাপে থাকে হৃদয়
মগজে চিপকাইয়া থাকে চিহ্নবিদ্যার সিসিটিভি

যে টিভিতে
সকল নবী-কবির ভিজুয়াল হাজিরা রাজনৈতিক ঠেকে
যে টিভিতে বিজ্ঞাপন বিরতির মতো আসে নিরবতা
যা যোগাযোগের প্রাচীনতম ভাষা

তুমি তখন চ্যানেল পাল্টাও ক্যারে?