Prose poem /
১০২.২ / যবনকেন্দ্রে প্রলাপ
পূর্ববঙ্গের যবনকেন্দ্রে বইসা প্রলাপ বকে দুই সামাজিক প্রতিষ্ঠান। একজন আওড়ায় পুঁজিবাদের সুরা। আরেকজন খায় মেয়াদ-উত্তীর্ণ সম্পর্ক। চুমুক দিয়া পেপার পড়ে তারা। বাঙালি পুরুষ খেলে ক্রিকেট। চাকমা নারীটা তোলে সেলফি।
বাইনারি শীতল যুদ্ধে কোনটা প্রোপাগান্ডা, কোনটা ঘোড়ার আন্ডা — তা চিইনা রাখার ছবক দেন এক দৃশ্যবণিক পিএইচডি। দোকান খুলেন তিনি আনন্দ বাজারে। আপেল বাক্সের উপর দাঁড়ায়া করেন পুঁথিপাঠ।
শেরে খোদা আলি সাবে
নিজেরে খুব আর্য ভাবে
সিন্ধুতীরে বইসা দেখায়
রাষ্ট্রীয় আয়না
জোড়া হাতে তালি মারে আইন ও ইনসাফ। তাদের পেট চুক্তি। বৈধতার আশায় তাদের বেশুমার পরকীয়া করতে হয়। তুমি তোমার কোন কোন ভাঙা স্বপ্নকে অস্বীকার করবে? ডাইলে লবণ দেছো, মিয়ানমার?
: সবি কবো অগোচরে, জানবে না কেহ।