Poetry /
১০২.৩ / দুর্গা তুই পালিয়ে যা
০১
দুর্গা তুই পালিয়ে যা
এখন সময় পক্ষে না
০২
বডি ডোনেট করে মারা গেছে এক মিডল ক্লাশ। একটু পরেই তারে নেয়া হবে বিশ্ব লাশ কনটেস্টে। অথবা, লাশ আনার বাজেট থাকবে না হাসপাতালের। পরিবার (ইফ এনি) বিরোধিতা করবে; বে-কসুর ওয়ারিশ চাইবে। অঙ্গ প্রতিস্থাপনে অনীহা; কারিগরি অপারগতা। পচনের আগে মাইক্রোবাসের ডেস্টিনেশন : সৎকারস্থান। বিপণনে, মৃতজন ডট কম।
০৩
তেত্রিশ বছর কাটলো, কেউ মৌলিক প্রশ্নের উত্তর রাখেনি
জোৎস্না রাতে সবাই গেছে যৌগিক পদার্থের সঠিক উত্তর দিতে
০৪
শিল্পীর শিল্পকর্ম এত যদি হয় সন্তানতুল্য —
তবে কেন নাই তার পরিবার পরিকল্পনা?
০৫
বমির জন্য ক্যানভাস
আর্ট-ফার্টের জন্য বেসিন
০৬
নিজের হিপোক্রিসি লিপিবদ্ধ করি অনলি মি’তে।
০৭
ক্রিকেটের খবর না রাখাটা এখন দেশদ্রোহিতার লক্ষণ।
০৮
কৃত্রিম বুদ্ধিমত্তায় নতুন গবেষণা ফান্ডের জন্য চাই চতুর্থ বিশ্বযুদ্ধ।
০৯
এই দুনিয়ায় আর একশন নাই; সব রিএকশন — এই বাণীতে কয়টা লাইক হবে, ব্রো?