Skip to main content

Ishtiaque Zico

Prose poem /

১০৩.১ / ধান ভানতে ভান্তে

ধান ভানতে এক ভান্তে গেলেন লেভান্তে। শিখলেন লজবান ভাষা। লিখলেন ফিল্ড গাইড। জীবন থেইকা পালায়া থাকার। নমুনাস্বরূপ পালাইলেন।

শেষকৃত্য অনুষ্ঠানে ঈশ্বরদী থেইকা আসেন ঈশ্বর। ভিজিটিং কার্ডে বিদ্যাসাগর। আসার সময় আনেন কার্পেথিয়ান থেকে কার্পেট, ককেশাস থেকে কক, সাহারা থেকে সার। হাইব্রিড। বিলান আগত আদম ও হাওয়ার মাঝে। কাট।

শয়তান সব দেখেন সিসিটিভিতে। চোখে তার পানি। কোলে তার বাচ্চা। বাচ্চার মুখে ফিসফিস : আব্বু, তুমি কানতেছো যে? ঈশ্বরের বিলিবাট্টা তো সব ক্যামোফ্লাজ; আসলে ভোটের ক্যাম্পেইন। নিজের প্রতি বিশ্বাস ফিরাইতে চায় ঈশ্বর। দাদা, আমি বাঁচতে চাই। ফ্রিজ শট।

পোলার মুখে দাদা ডাক শুইনা শয়তান ঢুকেন পাকঘরে। আর্কাইভ থেইকা কয়েকটা ইমেজ নিয়া তা ভাজি করেন। পরিবেশন করেন ঈশ্বরের টেবিলে (LS)। পরিবেশন করেন ঈশ্বরের টেবিলে (MS)। পরিবেশন করেন ঈশ্বরের টেবিলে (CU)। কাট।

ইমেজ ফাটে জায়গা+সময় মতো। ছ্যাড়াব্যাড়া হন ঈশ্বর। তারে দেখতে আসে অমুক মহল, তমুক চ্যানেল। হাতে তাদের কালোজাদু ক্যামেরা। জ্ঞান ফিরলে লাইভে আসেন তিনি। আইসা দেখেন, ও মায়া মায়া গো, টক শোয়ে বিলানো হইতেছে টক দই। নয়ন ভরা মনোনয়ন সবার। শোয়ের মাঝে শুরু হয় স্বামী কেন আসামীর কাটপিস। জ্বি, পিস টিভিতে।

তাতে পিসফুল হয় ঈশ্বরের মন। আসামীর আগাম জামিনের ব্যবস্থা করেন। বাকি থাকে স্বামী। স্বামী চরিত্রের লেজার বুক ঘাঁটেন শয়তান। জানতে পারেন, সকল স্বামীর বিরুদ্ধে আছে মি টু’র অভিযোগ। গরম হয় নিজ লিঙ্গের মাথা। মাথা ঠাণ্ডা রাখতে ইউটিউবে ছাড়েন শিবের গীত।

ধান ভানতে শিবের গীত সেই থেকে বাংলা দ্বিতীয় পত্রের পাঠ্য।