Skip to main content

Ishtiaque Zico

Field note /

এইটা খুব ভালো প্রশ্ন

প্রশ্নের জবাব দেয়ার আগে বক্তা বইলা উঠলেন, “এইটা খুব ভালো প্রশ্ন”। আনুষ্ঠানিক আলাপে, সাক্ষাৎকারে, প্রশ্নোত্তর পর্বে আপনিও শুইনা থাকবেন এমন কথা।

কথাটার মানে কী হইতে পারে? 🤔

যে প্রশ্ন ভাবনা উসকায়, বিসিএস সিলেবাসের বাইরে, ওপেন এন্ডেড, প্রাসঙ্গিক, জরুরি, কিছু বলার উৎসাহ দেয় বক্তারে, ওইটাই হয়তো তার কাছে ভালো প্রশ্ন। আর তখন বক্তার মনোলগটাই স্রেফ মুখ দিয়া বাইর হয়। আবার কী?

আবার মিশেল ফুকো দুই পাতা পইড়া ভাববেন, বক্তা এই কথা বইলা ক্ষমতার মকশো করতেছেন। প্রশ্নের ভালোত্ব মাপতে তিনি যে কাবিল — ক্যাপাবল, সবল, শক্তিধর, বিচক্ষণ — তার নিশানা দিতেছেন।

মনস্তাত্ত্বিক কৌশল হইতে পারে তার। প্রশ্নকারী নিজের প্রশ্নের স্বীকৃতি পাইয়া কমবেশি বশ মানে তাতে। দুর্বল ভাবতে থাকে নিজের পজিশনরে। কখনও, সবল পক্ষের স্বীকৃতির লোভে, প্রশ্নকারী বিছড়াইতে থাকে: আর কী ভালো প্রশ্ন করা যায়!

তবে লংম্যানের সমকালীন ইংরেজি অভিধান আরও ফাজিল। “দ্যাটস অ্যা গুড কোয়েশ্চেন” বলা নাকি প্রশ্নটার উত্তর যে আপনি জানেন না, তা জানান দেয়া।

আরবান ডিকশনারি ডট কমেও দেখি প্রায় এক রা: প্রশ্নটার জবার কেমনে দিবে, যখন তা ঠাওর করতে পারেন না বক্তা, সময় ভরতে কিছু একটা বলতে হবে — এমন পরিস্থিতির ইঙ্গিত দেয় এই কথা। সবচেয়ে বেশি ভোট পাইছে এই উত্তর।

ভোটাভুটি শেষ। এখন বলেন, করোনা-বাজারে ঘুরতে থাকা কোন প্রশ্নটা আপনার কাছে খুব ভালো মনে হয়, হইছে?

এইটা খুব ভালো প্রশ্ন কিন্তু। 🧐